গোপাল সিং, খোয়াই, ২৯ নভেম্বর || কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী ড. এস. জয়শঙ্করকে চিঠি লিখে মার্কিন মানবতাবাদী ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ফ্র্যাঙ্কলিন গ্রাহামের ভিসা-নাকচ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আন্তর্জাতিকভাবে খ্যাতনামা কোনো ব্যক্তিত্বকে ভিসা না দিলে তা অকারণে ভুল বোঝাবুঝি তৈরি করে এবং বহু মানুষের অনুভূতিতে আঘাত হানতে পারে। তাছাড়া এমন সিদ্ধান্ত দেশের বহুত্ববাদী, গণতান্ত্রিক ও উদার পরিচয়ের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
প্রদ্যুতের বক্তব্য, ভারত বিশ্বের কাছে আতিথেয়তা, উন্মুক্ততা এবং ধর্মীয় স্বাধীনতার জন্য সম্মানিত। তাই এমন সংবেদনশীল বিষয়ে স্পষ্টতা, ন্যায়পরায়ণতা এবং সতর্কতার প্রয়োজন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিদেশমন্ত্রক বিষয়টি পর্যালোচনা করে ভারতের আন্তর্জাতিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যথাযথ পদক্ষেপ নেবে।
এদিকে, নাগাল্যান্ডেও ফ্র্যাঙ্কলিন গ্রাহামের ভিসা প্রত্যাখ্যানকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাগাল্যান্ড ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এক বিবৃতিতে জানিয়েছে, ৩০ নভেম্বর কোহিমার ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত হতে চলা বৃহৎ আন্তঃসম্প্রদায়িক ধার্মিক সমাবেশে তাঁর উপস্থিতি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাজ্যজুড়ে হাজারো বিশ্বাসীর প্রত্যাশা ছিল এই অনুষ্ঠানের প্রতি।
এনপিপি জানিয়েছে, দীর্ঘ প্রস্তুতি ও প্রত্যাশা সত্ত্বেও এই সিদ্ধান্ত নাগাল্যান্ডের খ্রিস্টান সমাজের অনুভূতিতে আঘাত করেছে। দলের মতে, ফ্র্যাঙ্কলিন গ্রাহামের আগমন রাজ্যের অনেক মানুষের জন্য আধ্যাত্মিক শক্তি ও উৎসাহের উৎস হত। বিবৃতিতে আরও বলা হয়, নাগাল্যান্ডের খ্রিস্টান পরিচয় কোনো আনুষ্ঠানিক পরিচয় নয়— এটি রাজ্যের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি। তাই এমন সিদ্ধান্তে মানুষের অসন্তোষ ও হতাশা সৃষ্টি হওয়া স্বাভাবিক বলেই মত এনপিপির।
