তেলিয়ামুড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকানসহ তিনটি বসতঘর পুড়ে খাক

সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ ডিসেম্বর || সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন হিন্দু-মুসলিম মিশ্র জনবসতি এলাকা বাইশঘরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মুসলিম সম্প্রদায়ভুক্ত পরিবারের দোকানসহ তিনটি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। রাতের নিস্তব্ধতা ভেঙে আকস্মিক এই অগ্নিকাণ্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন কাদের মিঞা, বিল্লাল হোসেন এবং গনি মিয়া। কাদের মিয়ার দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, অন্যদিকে বিল্লাল ও গনি মিয়ার বসতঘরসহ রান্নাঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা না গেলেও অনুমান করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০–১২ লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেনের অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা পেট্রোল ছিটিয়ে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তবে অভিযোগের সত্যতা সম্পর্কে পুলিশ এখনও কিছু জানায়নি, পুরো বিষয়টি তদন্তাধীন।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্তদের একজন গনি মিয়া বাইশঘরিয়া এলাকা ও তেলিয়ামুড়া অঞ্চলে দীর্ঘদিন ধরেই ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পূর্বে NDPS ও পক্সো সহ একাধিক মামলার অভিযোগ রয়েছে, যা আদালতে বিচারাধীন। এই অতীত প্রেক্ষাপটকে ঘিরেও এলাকায় তৈরি হয়েছে নানা জল্পনা।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে স্থানীয়দের একাংশ নাশকতার আশঙ্কা প্রকাশ করলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে, তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এখন দেখার বিষয়, পুলিশ তদন্তের মাধ্যমে এই রহস্যজনক অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করতে পারে কি না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*