আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর || ২০২২ সালের জেল ওয়ার্ডার নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা সহ সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে ফের আন্দোলনে নামলেন ফিজিক্যাল টেস্ট উত্তীর্ণ ২৪৯ জন প্রার্থী। বুধবার তারা ডাইরেক্টরেট অফ প্রিজনস অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। হাতে থালা নিয়ে কর্মসংস্থানের আবেদন জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তারা।
প্রার্থীদের অভিযোগ, ২০২২ সালের ডিসেম্বর মাসে ফিজিক্যাল টেস্ট উত্তীর্ণ হওয়ার পর থেকে চার বছর পেরিয়ে গেলেও লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। বারবার “আজ-কাল” বলে সরকার তাদের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনও অগ্রগতি নেই বলে দাবি তাদের। এতে দীর্ঘদিন বেকারত্বের জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন বলে অসন্তোষ প্রকাশ করেন তারা।
একজন প্রার্থী বলেন, “আমাদের জীবন নিয়ে এমনভাবে খেলা করা ঠিক নয়। ২০২২ থেকে অপেক্ষা করছি—আর কত অপেক্ষা করব? দ্রুত লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।”
প্রার্থীরা মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে আবেদন করে জানিয়েছেন, চার বছরের বেকারত্বের দুঃসহ পরিস্থিতি থেকে সরকার যেন তাদের মুক্তির পথ দেখান। তাদের প্রশ্ন— ঘোষণা সবসময় ‘হবে’ বলেই সীমাবদ্ধ থাকে, কিন্তু কেন প্রক্রিয়া সম্পূর্ণ করা হচ্ছে না তার স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না সরকার।
জেল ওয়ার্ডার নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তা ঘিরে এই বিক্ষোভে আবারও উঠে এল দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জোর দাবি।
