উমাকান্ত একাডেমীর ১৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এলামনির বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || এলামনির উদ্যোগে উমাকান্ত একাডেমীর ১৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
এই শোভাযাত্রায় আট থেকে আশি—সব বয়সের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি সম্পন্ন হয়।
এই দিনের শুভ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উমাকান্ত এলামনির সভাপতি শুভব্রত দেব, প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত ভৌমিক এবং উমাকান্ত একাডেমী এলামনির সাধারণ সম্পাদক শুভাশীষ মজুমদারসহ এলামনির অন্যান্য সদস্যরা।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি শুভব্রত দেব বলেন, উমাকান্ত একাডেমীর দীর্ঘ ১৬৩ বছরের পথচলা কেবল শিক্ষা নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রাক্তন সভাপতি আইনজীবী সন্দীপ দত্ত ভৌমিক বলেন, এই প্রতিষ্ঠান রাজ্যের শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে যে অবদান রেখে চলেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়, যার মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*