আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || কৃষ্ণনগর নতুন পল্লী এলাকায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে ধন্বন্তরি আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দির। সোমবার আগরতলা পৌর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের ভূমি পূজা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার চিফ মেডিকেল অফিসার ডা. শংকর চক্রবর্তী, পশ্চিম জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও স্থানীয় বিশিষ্টজনেরা।
বক্তারা জানান, ধন্বন্তরি আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু হলে এলাকার সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, প্রতিরোধমূলক চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা সহজেই পাবে। এই প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
