স্কুলে স্ত্রী–সন্তান নামিয়ে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল রংমিস্ত্রি শ্যামল পাটারীর

আপডেট প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ ডিসেম্বর || এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিমিষেই নিভে গেল একটি পরিবারের একমাত্র ভরসার প্রদীপ। বুধবার সকালে স্ত্রী ও সন্তানকে স্কুলে নামিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শ্যামল পাটারী। স্কুল থেকে মাত্র ১০০ মিটার দূরেই রং সাইটের সামনে আচমকা একটি বড় লরি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
নিহত শ্যামল পাটারী পেশায় রংমিস্ত্রি ছিলেন। তাঁর বাড়ি গর্জনীয়া গ্রামে, লক্ষ্মীপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ভারত চন্দনগর ব্লকে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন শ্যামল। তাঁর অকালমৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়ল।
শ্যামলের বাবা বাবুল পাটারী দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। সংসারের সমস্ত দায়িত্ব একাই সামলাতেন শ্যামল। তাঁর এই আকস্মিক মৃত্যুর ফলে স্ত্রী, সন্তান ও অসুস্থ বাবাকে নিয়ে পরিবারটির ভবিষ্যৎ এখন গভীর অন্ধকারে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশের পাশাপাশি দোষী লরি চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রশাসনিক সহায়তার দাবি জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*