আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর || রাজ্যের কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক, বিজ্ঞানসম্মত ও টেকসই করে তুলতে আগরতলার প্রজ্ঞা ভবনে ভূমি সম্পদ সমীক্ষা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের কৃষি উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি দপ্তরের অধিকর্তা ফনি ভূষণ জামাতিয়া এবং কৃষি দপ্তরের রাজ্য নোডাল অফিসার ডক্টর উত্তম সাহা। এছাড়াও কৃষি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে ভূমি সম্পদের সঠিক ও বৈজ্ঞানিক মূল্যায়ন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমীক্ষা পরিচালনা এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কৃষি পরিকল্পনাকে আরও কার্যকর করে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, এই সমীক্ষার মাধ্যমে জমির গুণগত মান, ব্যবহারযোগ্যতা এবং সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে, যা ভবিষ্যতে কৃষকবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, রাজ্যের তিনটি জেলায় বিস্তৃত গবেষণা ও সার্ভের মাধ্যমে ভূ-সম্পদ মানচিত্র প্রস্তুত করা হচ্ছে। এই মানচিত্র শুধু উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে না, মাটি ও জলবায়ুর বৈশিষ্ট্য বুঝে সঠিক ফসল নির্বাচনেও কৃষকদের পথ দেখাবে। ফলে লাভের হিসাব আর অনুমানের উপর নির্ভর করবে না, বরং বিজ্ঞানভিত্তিক তথ্যের উপর দাঁড়াবে।
কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, “মাটির বুকের ভেতর লুকিয়ে থাকে আগামীর সম্ভাবনা। আধুনিক প্রযুক্তি ও ভূ-স্থানিক কৌশলের মাধ্যমে তৈরি এই ভূমি সম্পদ তালিকা নীতি নির্ধারকদের জন্য দিশারি মানচিত্র হয়ে উঠবে।” তিনি আরও বলেন, এই উদ্যোগ কৃষকের আয় বৃদ্ধি, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং রাজ্যের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট আধিকারিকরা আশাবাদ ব্যক্ত করে জানান, ভূমি সম্পদ সমীক্ষা রাজ্যের কৃষি উন্নয়নে নতুন দিশা খুলে দেবে এবং আধুনিক গবেষণা ও প্রযুক্তির সহায়তায় কৃষিকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলতে সহায়ক হবে।
