আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর || বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ই ডিসেম্বর ময়মনসিংহ জেলায় হিন্দু যুবক দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদে শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সনাতনী হিন্দু সেনার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্য ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। একইসঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতৃত্ব দাবি করেন, এ ধরনের ঘটনায় উদ্বেগ ক্রমশ বাড়ছে এবং মানবাধিকার রক্ষার স্বার্থে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা জরুরি। বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এলাকায় পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয় এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
