আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর || রাজধানীর নেতাজি প্লে ফোরাম সেন্টারের উদ্যোগে খাদ্যরসিকদের জন্য এ বছরও আয়োজন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত পেটুক সমাবেশ। চতুর্থ বর্ষে পদার্পণ করা এই জনপ্রিয় খাদ্য ও সাংস্কৃতিক উৎসব আগামী ২১শে ডিসেম্বর থেকে ২৫শে ডিসেম্বর পর্যন্ত আগরতলার নেতাজি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উৎসবে নানা ধরনের রকমারি খাবারের স্টলের পাশাপাশি থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার আগরতলা শহরের একটি হোটেলে আয়োজিত স্ট্রিট ফুড বিক্রেতাদের খাদ্য নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচিতে পেটুক সমাবেশ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। তাঁরা জানান, উৎসবে অংশগ্রহণকারী বিক্রেতাদের মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পেটুক সমাবেশের আগে ITC সানরাইজের CSR উদ্যোগ উমাস-এর অধীনে আগরতলায় ১০০ জনেরও বেশি স্ট্রিট ফুড বিক্রেতার জন্য সফলভাবে আয়োজন করা হয় FoSTaC (Food Safety Training & Certification) কর্মসূচি। একদিনের এই প্রশিক্ষণে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও মান বজায় রাখার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্টজন।
উল্লেখ্য, ত্রিপুরার অন্যতম জনপ্রিয় খাদ্য ও সাংস্কৃতিক উৎসব পেটুক সমাবেশ ২০২৫-এর আগে এই উদ্যোগের মাধ্যমে উৎসবে খাবারের স্টল দেওয়া বিক্রেতাদের মধ্যে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই আয়োজকদের প্রধান উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
