বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২১ ডিসেম্বর || বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হিন্দু যুবক দীপু দাসের উপর অমানবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে রবিবার শান্তিরবাজারে হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে এক ধিক্কার ও বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
এদিন শান্তিরবাজার মোটর স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় মোটর স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাংলাদেশের প্রতি কড়া বার্তা দেওয়া হয়। মিছিল শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আয়োজকরা জানান, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। পাশাপাশি, বাংলাদেশের তরফে ভারতের সেভেন সিস্টার দখল সংক্রান্ত যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তারও তীব্র প্রতিবাদ জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের উপর কোনও ধরনের আক্রমণ বা আগ্রাসনের চেষ্টা হলে দেশবাসী চুপ করে বসে থাকবে না। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে এবং বাংলাদেশের এই ধরনের কল্পনা কোনওদিনই বাস্তবায়িত হবে না।
