আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি || আসন্ন স্বদেশী মেলাকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল ময়দানে প্রস্তুতি পর্বের চূড়ান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। মঙ্গলবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা।
বৈঠকে মেলার পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও জল সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন।
তিনি বলেন, স্বদেশী মেলা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। বৈঠকে আধিকারিকরা প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।
পুর নিগম সূত্রে জানা গেছে, মেলা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকা সম্পূর্ণভাবে প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
