আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল অরুন্ধতীনগরে। অরুন্ধতীনগরস্থিত ৩৯ নম্বর পুর ওয়ার্ড অফিসের কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় এবং ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম সাহা। এদিন এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং মানবিক কর্মকাণ্ডে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
