গোপাল সিং, খোয়াই, ১৩ জানুয়ারি || যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে দেশজুড়ে ধারাবাহিক সংস্কারমূলক পরিবর্তনের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চালু হতে চলেছে বিকশিত ভারত–রোজগার ও আজীবিকা মিশনের গ্যারান্টি (গ্রামীণ), সংক্ষেপে VB-G RAM G। গ্রামীণ ভারতের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষাকে আরও মজবুত করতেই এই নতুন উদ্যোগ বলে জানানো হয়েছে।
এই প্রেক্ষাপটে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির খোয়াই জেলা কার্যালয়ে জেলার শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস, খোয়াই মণ্ডল সভাপতি অনুকুল দাস, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায়, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিকশিত ভারত–রোজগার ও আজীবিকা মিশনের গ্যারান্টি (গ্রামীণ) প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলে টেকসই রোজগারের সুযোগ তৈরি হবে, যুবসমাজ স্বনির্ভর হবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে।
তিনি আরও বলেন, এই মিশনের লক্ষ্য শুধু সাময়িক কর্মসংস্থান নয়, বরং দীর্ঘমেয়াদি আজীবিকার নিশ্চয়তা দেওয়া। কৃষি, ক্ষুদ্র শিল্প, পরিষেবা ও স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কেন্দ্র করে গ্রামীণ এলাকায় নতুন কর্মক্ষেত্র গড়ে তোলা হবে।
বিজেপি খোয়াই জেলা নেতৃত্বরা বলেন, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ গ্রামীণ ভারতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে গ্রামের মানুষ শহরমুখী হওয়ার পরিবর্তে নিজ নিজ এলাকায় সম্মানজনক রোজগারের সুযোগ পাবেন। VB-G RAM G প্রকল্প বাস্তবায়িত হলে খোয়াই জেলা সহ গোটা ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এটি একটি শক্ত ভিত তৈরি করবে বলে আশা ব্যক্ত করেন।
