গ্রামীণ শিল্পে নতুন প্রাণ: মকর সংক্রান্তিতে সবিতা সাহার আলপনায় মুগ্ধ হরিপুর

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ জানুয়ারি || গ্রামীণ লোকশিল্প আজ হারিয়ে যাওয়ার মুখে দাঁড়ালেও এখনও কিছু মানুষ সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার নিরলস প্রচেষ্টায় অটল রয়েছেন। তেমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এল মকর সংক্রান্তির দিনে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত হরিপুর গ্রামে।
উৎসবের বিশেষ দিনে গ্রামের বাসিন্দা সবিতা সাহা নিজের বাড়িতে সারাদিন ধরে মনোমুগ্ধকর আলপনা এঁকে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। রঙিন নকশা, ঐতিহ্যবাহী প্রতীক ও সূক্ষ্ম শিল্পশৈলীতে সাজানো এই আলপনাগুলি গ্রামবাসীদের মুগ্ধ করে তোলে। স্থানীয়দের মতে, তাঁর আঁকা আলপনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে গ্রামীণ সংস্কৃতি, লোকজ বিশ্বাস ও উৎসবের আনন্দ।
এই প্রসঙ্গে সবিতা সাহা জানান, প্রায় দশ বছর ধরে তিনি আলপনা শিল্পচর্চার সঙ্গে যুক্ত। আধুনিকতার প্রভাবে গ্রামীণ লোকশিল্প ক্রমশ হারিয়ে যেতে বসেছে বলে তিনি মনে করেন। সেই কারণেই নিজে এই শিল্পচর্চা চালিয়ে যাওয়ার পাশাপাশি এলাকার অন্যান্য মহিলাদেরও আলপনা শিল্পে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সম্মিলিত উদ্যোগেই এই ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকিয়ে রাখা সম্ভব।
মকর সংক্রান্তির দিনে সবিতা সাহার আঁকা আলপনা শুধু উৎসবের সৌন্দর্যই বাড়ায়নি, বরং গ্রামীণ লোকশিল্প ও সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*