আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি || লঙ্কামুড়ার আলপনা গ্রামে মঙ্গলবার থেকে শুরু হল তিন দিনব্যাপী আলপনা ও পিঠেপুলি উৎসব ২০২৬। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ হারিয়ে যেতে বসা প্রাচীন লোকসংস্কৃতি ও শিল্পকলাকে জীবন্ত রাখার এক অসাধারণ প্রচেষ্টা।
মন্ত্রী আরও বলেন, আলপনা গ্রাম শুধু আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন ঘটায়নি, বরং গ্রামের মানুষের কৃষিকাজ, মাটির সঙ্গে গভীর সম্পর্ক এবং শিল্পকলার মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎসবকে কেন্দ্র করে গোটা আলপনা গ্রাম উৎসবমুখর হয়ে ওঠে। গ্রামজুড়ে নানা ধরনের ঐতিহ্যবাহী আলপনা আঁকা, বিভিন্ন স্বাদের পিঠেপুলির প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় শিল্পী ও গৃহিণীরা তাঁদের হাতে তৈরি পিঠেপুলি ও শিল্পকর্ম তুলে ধরছেন দর্শনার্থীদের সামনে।
তিন দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত ও নৃত্যের আয়োজনও করা হয়েছে। আয়োজকদের আশা, এই উৎসবের মাধ্যমে স্থানীয় শিল্পী ও গ্রামীণ সংস্কৃতি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং লোকজ ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাবে।
