গোপাল সিং, খোয়াই, ২০ জানুয়ারি || ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে খোয়াই পুর পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য মেগা র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হলো খোয়াই শহরে। এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, ছাত্রছাত্রী, ব্যবসায়ী মহল, পুর পরিষদের কাউন্সিলার ও কর্মীরা।
খোয়াই পুর পরিষদ সূত্রে জানা গেছে, ডোর টু ডোর বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থায় শতভাগ সাফল্য অর্জনের জন্য বিভিন্ন ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতামূলক ভূমিকায় শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি সম্ভব হয়েছে বলে জানান পুর কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, খোয়াই মহকুমা শাসক নির্মল কুমার ঝা সহ পুর পরিষদের সকল কাউন্সিলার। বক্তৃতায় তাঁরা বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গঠনে সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য, আর এই কাজে স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা পথপ্রদর্শকের ভূমিকা পালন করছেন।
এই কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক অংশীদারিত্বের বার্তা আরও একবার জোরালোভাবে তুলে ধরা হলো খোয়াই শহরে।
