সুব্রত দাস, গন্ডাছড়া, ২১ জানুয়ারি || গন্ডাছড়া বন দপ্তরের অধীনে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করলেন জার্মানির প্রতিনিধি স্টেফিন। মঙ্গলবার তিনি বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সামাজিক বনায়ন এবং স্থানীয় মানুষের জীবিকা উন্নয়নে গৃহীত একাধিক প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে মহকুমা বন দপ্তরের আধিকারিক সাবির কান্তি দাস জার্মানির প্রতিনিধিকে প্রকল্পগুলির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি এবং প্রাপ্ত সুফল সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। বন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ, বিকল্প জীবিকা সৃষ্টি এবং পরিবেশবান্ধব উদ্যোগগুলির প্রশংসা করেন স্টেফিন।
এই সফরের অংশ হিসেবে স্টেফিন গন্ডাছড়া তৈচাকমা সেন পাড়ায় আইজিডিসি প্রকল্পের আওতায় নৌকা প্রাপ্ত মৎস্যজীবীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মৎস্যজীবীরা জানান, নৌকা পাওয়ার ফলে তাদের দৈনন্দিন জীবিকা ও আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে। এ প্রসঙ্গে স্টেফিন বলেন, আইজিডিসি প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের নিজস্ব নৌকা দেওয়ায় তাদের উৎপাদন ক্ষমতা বেড়েছে, আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা এসেছে এবং তারা ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন।
স্টেফিন আরও জানান, গন্ডাছড়া বনাঞ্চলে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের যে মডেল অনুসরণ করা হচ্ছে, তা আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত উল্লেখযোগ্য। ভবিষ্যতে এই ধরনের প্রকল্পে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন।
এই পরিদর্শনের মাধ্যমে গন্ডাছড়া বন দপ্তরের উন্নয়নমূলক কাজ আন্তর্জাতিক স্তরে আরও স্বীকৃতি পাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক সঙ্গিতা আবা কাটাল, মনিকা বসকো সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
