পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় অনুষ্ঠিত ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জানুয়ারি || শিক্ষার গুণগত মানোন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের অধ্যক্ষ রাজেশ মিনা’র তত্ত্বাবধানে প্রতিষ্ঠানে শিক্ষার মানে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই শুক্রবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ‘পরীক্ষা পে চর্চা ২০২৬’ কর্মসূচি। দক্ষিণ জেলার চারটি বিদ্যালয় থেকে আগত মোট ১০০ জন ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
বর্তমান সময়ে পরীক্ষার নাম শুনলেই বহু ছাত্রছাত্রী মানসিক চাপে ভুগে পড়ে। সেই ভয় দূর করে পরীক্ষাকে আনন্দময় ও আত্মবিশ্বাসপূর্ণ করে তুলতেই প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচি।
এদিন সরস্বতী পূজা ও নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনের পবিত্র মাহেন্দ্রক্ষণে মা সরস্বতীর বন্দনা ও নেতাজী সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ রাজেশ মিনা।
এরপর বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয়। উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠানের উদ্দেশ্য, গুরুত্ব ও বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যক্ষ রাজেশ মিনা।
অনুষ্ঠানের মূল পর্বে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে লিখিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশ নেয়।
অনুষ্ঠানে অধ্যক্ষ রাজেশ মিনা’র পাশাপাশি উপস্থিত ছিলেন বিশাল গোস্বামী, অভিজিৎ নস্কর সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ রাজেশ মিনা জানান, দক্ষিণ জেলার চারটি বিদ্যালয় থেকে ১০০ জন ছাত্রছাত্রী এই ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা প্রমাণ করে যে পরীক্ষাকে ভয় নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*