গাড়ির ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্র

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জানুয়ারি || জোলাইবাড়ী বাইপাস এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক স্কুলছাত্র। ঘটনাটি ঘটে শনিবার বেলা আনুমানিক ১১টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, জোলাইবাড়ী বাইপাস দিয়ে দ্রুতগতিতে আসা একটি গাড়ি একাদশ শ্রেণির ওই স্কুলছাত্রকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ছাত্রকে উদ্ধার করে দ্রুত জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর আহতের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করেন।
আহত স্কুলছাত্রের নাম ইশান পাল (১৫)। সে মধ্যপিলাক এলাকার বাসিন্দা এবং জোলাইবাড়ী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। প্রতিদিনের মতো শনিবারও বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে সে। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ইশান পালের পায়ে গুরুতর আঘাত লেগেছে।
এদিকে দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকে এখনও আটক করতে পারেনি পুলিশ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত তদন্ত করে ঘাতক গাড়ি ও চালককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*