ঐতিহাসিক জ্যাকসন গেট পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর ও ২০ নং ওয়ার্ড অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ ফেব্রুয়ারী || আগরতলার তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঐতিহাসিক জ্যাকসন গেট পুনর্নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। একই দিনে আগরতলা পুরনিগমের ২০ নং ওয়ার্ডের নবনির্মিত ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধনও সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ পুরনিগমের অন্যান্য জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা।
এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “আমরা যে ‘নতুন ত্রিপুরা’ নির্মাণের কথা বলছি, তা গড়ে উঠবে ঐতিহ্য ও আধুনিকতার সুসমন্বয়ের মাধ্যমে। রাজ্যের গৌরবময় ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে আরও পরিমার্জিত রূপে মানুষের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, কমিউনিস্ট সরকারের আমলে ভেঙে ফেলা রাজন্য স্মৃতি বিজরিত ঐতিহাসিক জ্যাকসন গেটের পুনর্নির্মাণ সেই লক্ষ্য পূরণেরই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিন আগরতলা পুরনিগমের ২০ নং ওয়ার্ড অফিসের নতুন ভবনের উদ্বোধন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই ভবন ওয়ার্ডের প্রশাসনিক কাজকর্মকে আরও গতিশীল করবে এবং নাগরিক পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।
অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*