সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ ফেব্রুয়ারী || ত্রিপুরা রাজ্যের আসন্ন ২০২৬ সালের এডিসি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি)। এই রাজনৈতিক আবহে গন্ডাছড়ায় আইপিএফটির তিনটি শাখা সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ৮ই ফেব্রুয়ারি গন্ডাছড়ায় আইপিএফটি পার্টির শাখা সংগঠন ATISA (ছাত্র সংগঠন), IMWU (গাড়ি চালক সংগঠন) ও TNEA (কর্মচারী সংগঠন)-এর ডিভিশনাল কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রতিটি শাখা সংগঠনের জন্য ৪৫ জন করে সদস্য নিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর পরদিন আজ গন্ডাছড়া আইপিএফটি ডিভিশনাল পার্টি অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যদের নাম ও পদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী, ATISA-র সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বদি জয় ত্রিপুরা এবং সম্পাদক হিসেবে রয়েছেন সাধীন জয় ত্রিপুরা।
TNEA তথা কর্মচারী সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরন জয় ত্রিপুরা এবং সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সর্বমোহন ত্রিপুরা।
অন্যদিকে, IMWU তথা গাড়ি চালক সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন রতি রাম রিয়াং এবং সম্পাদক পদে রয়েছেন চন্দ্রজয় ত্রিপুরা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি গন্ডাছড়া মহকুমা সভাপতি চরণবাসি ত্রিপুরা সহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব। নেতৃত্বদের বক্তব্যে জানানো হয়, আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দল ও শাখা সংগঠনগুলিকে সাংগঠনিকভাবে আরও মজবুত করে তোলাই এই নতুন কমিটি গঠনের মূল লক্ষ্য।
