আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী || বানরের উৎপাত দিন দিন চরম আকার ধারণ করায় দিশেহারা কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীরা। বিশেষ করে ফল ও শাকসবজির দোকান মালিকরা গত কয়েক মাস ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিদিন সকালবেলা দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই ১৫ থেকে ২০টি বানরের একটি দল আচমকা বাজার এলাকায় নেমে পড়ে। মুহূর্তের মধ্যে দোকানে রাখা ফল ও সবজি মুখে করে নিয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে উঠে যায় তারা। অনেক সময় একাধিক বানর একসঙ্গে দোকানে ঢুকে তাণ্ডব চালায়। ফলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন দোকানিরা।
দোকান মালিকদের দাবি, বানর তাড়াতে গেলে উল্টো আক্রমণাত্মক আচরণ করছে তারা। কয়েকজন ব্যবসায়ী জানান, তাড়া করতে গেলে বানররা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, দাঁত বের করে ভয় দেখায়। এতে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। অনেকেই নিরাপত্তার আশঙ্কায় একা দোকান সামলাতে ভয় পাচ্ছেন।
স্থানীয়দের মতে, শুধু বাণিজ্যিক এলাকাই নয়, আশপাশের বাড়িঘরেও বানরের উৎপাত বেড়েছে। তবে বাজার এলাকায় প্রতিদিনের এই তাণ্ডব ব্যবসায়ীদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে বনদপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন কাঁঠালিয়া বাণিজ্যিক এলাকার ব্যবসায়ী মহল। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
