সাগর দেব, তেলিয়ামুড়া, ২৭ ফেব্রুয়ারী || তেলিয়ামুড়া অম্পি পার্শ্ববর্তী খাসিয়ামঙ্গল বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন একটি জুম খেতের টংঘর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহটি পচাগলা অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। তাঁর পরনে ছিল খাগি রঙের শার্ট ও নীল রঙের লুঙ্গি। স্থানীয়দের একাংশের ধারণা, মৃত ব্যক্তি হয়তো লাকড়ি সংগ্রহ করতে এসে বিপদে পড়েছেন। আবার অন্যদের মতে, তিনি কোনো জুমিয়া হতে পারেন।
খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। তেলিয়ামুড়া থানার এ.এস.আই নেপাল মুন্ডা জানান, মৃতদেহটি আনুমানিক আট থেকে নয় দিন আগের।
তবে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। টংঘরে বসা অবস্থায় কীভাবে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু ঘটল—তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে চলছে জল্পনা।
উল্লেখযোগ্য বিষয় হলো, কিছুদিন পরেই জুমের জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় আসছে। মৃতদেহের কাছাকাছি একগুচ্ছ শুকনো লাকড়িও পড়ে থাকতে দেখা গেছে। ফলে মৃত ব্যক্তি জুমের কাজ করতে এসেছিলেন, নাকি লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন—তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এলাকাবাসীর মধ্যে নানা মত ও জল্পনা চললেও পুলিশি তদন্তই এখন একমাত্র ভরসা। তদন্তের অগ্রগতির ওপরই নির্ভর করছে এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন। আপাতত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের নজর এখন তদন্তের ফলাফলের দিকে।
