পুলিশ সপ্তাহে ব্যতিক্রমী উদ্যোগ: একদিনের পুলিশ সুপার স্কুলছাত্রী নীহারিকা দাস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মার্চ || ত্রিপুরা পুলিশ সপ্তাহ দিবস উপলক্ষে এক অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন। আগামী প্রজন্মকে প্রশাসনিক কার্যপ্রণালী সম্পর্কে সচেতন ও অনুপ্রাণিত করতে একদিনের জন্য উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দায়িত্বভার তুলে দেওয়া হয় স্কুলছাত্রী নীহারিকা দাসের হাতে।
সকালেই জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হয়। পুলিশ কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। একদিনের পুলিশ সুপার হিসেবে নীহারিকা দাস পুলিশ প্রশাসনের বিভিন্ন শাখার কাজকর্ম পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্বগুণ, দায়িত্ববোধ এবং সমাজসেবার মানসিকতা গড়ে তোলা। পাশাপাশি পুলিশের কাজ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।
নীহারিকা দাস তার অনুভূতি প্রকাশ করে জানান, একদিনের জন্য পুলিশ সুপারের দায়িত্ব পালন করা তার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। ভবিষ্যতে তিনি দেশসেবায় নিজেকে নিয়োজিত করতে চান বলেও জানান।
উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও সাধারণ মানুষ। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*