গোপাল সিং, খোয়াই, ০১ মার্চ || খোয়াইয়ের লালটিলা এলাকায় জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে আক্রান্ত জমির মালিক তুলশী দাস জানান, তিনি ১৯৯৭ সালে লালটিলা এলাকায় একটি জমি ক্রয় করেন। পঞ্চায়েত এলাকায় জমির রেজিস্ট্রি প্রথা কার্যকর না থাকায় মৌখিক চুক্তি ও একাধিক সাক্ষীর উপস্থিতিতে তিনি পরিচয় দাস-এর কাছ থেকে জমিটি কেনেন বলে দাবি করেন। তাঁর কথায়, পরিচয় দাসের মায়ের হাতে সাক্ষীদের সামনে নগদ অর্থ প্রদান করা হয়েছিল। পঞ্চায়েত এলাকায় এভাবেই মৌখিক প্রতিশ্রুতি ও লেনদেনের ভিত্তিতে জমি ক্রয়-বিক্রয় প্রচলিত ছিল বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগ, দীর্ঘ বছর পর হঠাৎ গ্রামে ফিরে এসে পরিচয় দাস, চানমোহন দাস ও নয়ন দাস জমিটির মালিকানা দাবি করেন এবং তুলশী দাস ও তাঁর পরিবারকে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তুলশী দাস, তাঁর স্ত্রী কাজল দাস এবং পুত্র রাজু দাস-কে মারধর করেন বলে অভিযোগ।
বর্তমানে আহতরা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিচয় দাসের বাড়ি পূর্ব রামচন্দ্রঘাট এলাকার বাতাপুরা গ্রামে বলে জানা গেছে। তাঁর নেতৃত্বেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তুলশী দাস। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন আক্রান্ত পরিবার। এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
