আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ || ত্রিপুরার এক প্রত্যন্ত গ্রামের পরিশ্রমী নারী জাদুরুঙ রিয়াং আজ স্বনির্ভরতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। পাঁচ সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন জীবনসংগ্রাম চালালেও সঠিক দিকনির্দেশনা, আর্থিক সহায়তা এবং নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি এখন গ্রামীণ নারীদের জন্য অনুপ্রেরণার প্রতীক।
সম্প্রতি তিনি TRIPTI Project-এর LSG-I পর্যায়ে নির্বাচিত হন। প্রকল্পের সহায়তায় জীবিকা উন্নয়নের লক্ষ্যে তিনি কয়েকটি শূকরছানা পান। সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি শূকর পালন শুরু করেন এবং পরিবারের আয়ের নতুন পথ তৈরি হয়। বর্তমানে তাঁর একটি স্ত্রী শূকর গর্ভবতী রয়েছে, ফলে আগামী দিনে তাঁর আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
পশুপালনের পাশাপাশি জাদুরুঙ রিয়াং একজন সক্রিয় স্বনির্ভর গোষ্ঠী (Self-Help Group বা SHG)-র সদস্য। আত্মবিশ্বাস নিয়ে তিনি গোষ্ঠী থেকে ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে সুতা কিনে ঐতিহ্যবাহী ‘দাকমান্দা’ বুনন শুরু করেন। নিজের দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ইতিমধ্যেই তিনি ৬টি দাকমান্দা বিক্রি করে মোট ৩০,০০০ টাকা আয় করেছেন। প্রতিটি দাকমান্দা তিনি ৫,০০০ টাকা দরে বিক্রি করেন।
জাদুরুঙ রিয়াংয়ের এই সাফল্যের গল্প কেবল একটি পরিবারের আর্থিক উন্নয়নের কাহিনি নয়; এটি গ্রামীণ নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ। TRIPTI Project-এর সহায়তা এবং তাঁর দৃঢ় সংকল্প মিলেই আজ তিনি নিজের গ্রামে অন্য নারীদের কাছেও অনুসরণীয় হয়ে উঠেছেন।
