আইপিএফটিতে যোগ দিলেন তিপ্রা মথার ১৭ ভোটার, গন্ডাছড়ায় ঘরোয়া সভায় উৎসাহব্যঞ্জক সাড়া

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৫ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ তীব্র হয়ে উঠছে। এরই মধ্যে প্রচার অভিযানে জোরালো পদক্ষেপ নিয়েছে আইপিএফটি গন্ডাছড়া মহকুমা কমিটি।
বুধবার ২৪ নং রাইমা এডিসি কেন্দ্রের অন্তর্গত নারায়ণপুর পঞ্চায়েতের মগ পাড়ায় আইপিএফটির উদ্যোগে একটি ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি হয়। সভাস্থলেই তিপ্রা মথা দল ছেড়ে ৬টি পরিবারের মোট ১৭ জন ভোটার আনুষ্ঠানিকভাবে আইপিএফটিতে যোগদান করেন।
নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান আইপিএফটি গন্ডাছড়া মহকুমা কমিটির সভাপতি চরণবাসী ত্রিপুরা। তিনি বলেন, “জনগণ ধীরে ধীরে তিপ্রা মথার রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছেন এবং আইপিএফটির উপর তাঁদের বিশ্বাস ক্রমশ বাড়ছে।” আসন্ন এডিসি নির্বাচনের প্রেক্ষাপটে এই যোগদান দলের জন্য অত্যন্ত উৎসাহজনক বলেও তিনি মন্তব্য করেন।
দলীয় সূত্রে জানা গেছে, এডিসি নির্বাচনকে সামনে রেখে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ঘরোয়া সভার আয়োজন করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে আইপিএফটি। দলের নেতৃত্বের আশা, তৃণমূল স্তরে এই প্রচেষ্টা আগামী নির্বাচনে ইতিবাচক ফল বয়ে আনবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*