বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ মার্চ || দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া বিধানসভার অন্তর্গত পৌরসভা এলাকার বাসিন্দা অর্জুন নমঃ–এর বসতঘর সোমবার রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় তাঁর বাড়ির দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিলোনিয়া গাঙ্গাইল রোডের করুণা স্মৃতি কলোনি এলাকায় হঠাৎ করেই আগুন লাগে অর্জুন নমঃ–এর বাড়িতে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের দুটি বড় দমকল গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে বাড়ির দুটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে বলে জানা গেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে এই দুঃখজনক ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এবং বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার যাতে প্রয়োজনীয় সরকারি সহায়তা পায়, সে বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
