আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ || ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল যীষ্ণু দেব বর্মণ-কে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার বিষয়টি জানিয়েছেন।
নিজের পোস্টে তিনি দেশের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মূ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, মহারাষ্ট্রের মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন।
উল্লেখ্য, যীষ্ণু দেব বর্মণ ত্রিপুরা রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি পূর্বে ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্ব হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে তার নিয়োগকে ত্রিপুরার রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক দক্ষতা মহারাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
