আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || দুই দিনের সরকারি সফরে শনিবার ত্রিপুরায় পৌঁছালেন ভারতের উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণ। তাঁকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
রাজ্যে পৌঁছানোর পর এদিন আগরতলার লোকভবনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপ-রাষ্ট্রপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মানিক সাহা সামাজিক মাধ্যমে জানান, উপ-রাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণণের সম্মানে লোকভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, এদিনের সন্ধ্যায় ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য উপস্থাপনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাজ্যপালের উদ্যোগে আয়োজিত স্টেট ডিনারেও উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি। পুরো অনুষ্ঠানটি ত্রিপুরার বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের উজ্জ্বল প্রতিফলন ঘটায় বলে তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, রবিবার সকালে আগরতলায় অবস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন উপ-রাষ্ট্রপতি। এরপর তিনি উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন।
পরে তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ডিগ্রি প্রদানসহ বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এছাড়াও সফরসূচি অনুযায়ী আগরতলার হাঁপানিয়ায় অবস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ‘লাখপতি দিদি’ প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন উপ-রাষ্ট্রপতি। তাঁর এই সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
