লেক ঢৌমুহনী বাজারে প্রশাসনের অভিযান, ফরমালিন সন্দেহে মাছের নমুনা সংগ্রহ ও মোটা অঙ্কের জরিমানা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার রাজধানীর লেক ঢৌমুহনী বাজারে বিভিন্ন দোকানে আকস্মিক অভিযান চালানো হয়। জনস্বাস্থ্য ও ভোক্তাদের সুরক্ষার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযান চলাকালে মাছ বাজার, মুদি দোকান, বিভিন্ন খাবারের দোকান, হার্ডওয়ার দোকান এবং ফলের দোকানসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালান প্রশাসনের আধিকারিকরা। ফরমালিনযুক্ত মাছ বিক্রি হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য মাছের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি ওজন মাপার পাল্লা পরীক্ষা করা হয় এবং বিভিন্ন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ফলের জুস ও খাবারদাবার বাজেয়াপ্ত করা হয়।
এছাড়াও কয়েকটি দোকানে অনিয়ম ধরা পড়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ প্লাস্টিক কেরি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধেও অভিযান চালানো হয় এবং বেশ কিছু প্লাস্টিক ব্যাগ জব্দ করা হয়।
এদিন সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দ্বীপরাজ রায় জানান, সাধারণ মানুষের স্বার্থে বাজারে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করতেই প্রশাসনের এই পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*