আগরতলা পুর নিগমে ডেপুটেশন সদর জেলা কংগ্রেসের, ১৬ কোটি টাকার লুটের তদন্ত ও শ্বেতপত্র প্রকাশের দাবি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ || আগরতলা পুর নিগমের লুট হয়ে যাওয়া ১৬ কোটি টাকা উদ্ধারের দাবিতে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিতে বুধবার আগরতলা পুর নিগমের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সদর জেলা কংগ্রেস। একই সঙ্গে বর্তমান পুর নিগমে চলা বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে শ্বেতপত্র প্রকাশ এবং নগরবাসীকে নানা সমস্যার হাত থেকে মুক্ত করার দাবিও জানানো হয়।
এদিন সদর জেলা কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগম কার্যালয়ে পৌঁছায়। সেখানে নিগমের আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করেন দলের নেতৃত্ব।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পুর নিগমে ঘটে যাওয়া ১৬ কোটি টাকার লুটের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পুর নিগমের বর্তমান প্রশাসনের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়েও শ্বেতপত্র প্রকাশ করে জনগণের সামনে প্রকৃত চিত্র তুলে ধরার দাবি জানানো হয়।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে নগরবাসী নানাবিধ সমস্যায় জর্জরিত। পানীয় জল, নিকাশি ব্যবস্থা, রাস্তা ও নাগরিক পরিষেবার অব্যবস্থাপনায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করে নগরবাসীকে “নরক যন্ত্রণার” হাত থেকে মুক্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।
এদিনের কর্মসূচিতে সদর জেলা কংগ্রেসের বিভিন্ন নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*