টিটিএএডিসি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চিঠি, প্রদেশ কংগ্রেস সভাপতির তোপ

গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ || টিটিএএডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা। মঙ্গলবার, উক্ত এই চিঠিতে তিনি রাজ্যে সংগঠিত অপরাধ বৃদ্ধি, রাজনৈতিক হিংসা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর থেকেই রাজনৈতিক আধিপত্য বিস্তার, বিরোধীদের ওপর আক্রমণ, সম্পত্তি দখল, সংবাদমাধ্যমের উপর হামলা সহ একাধিক ঘটনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাধারণ মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তাও বিঘ্নিত হয়েছে বলে দাবি করেন তিনি।
বিশেষভাবে বিশালগড়ের সাম্প্রতিক গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনাকে তুলে ধরে তিনি অভিযোগ করেন, শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এবং অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চিঠিতে দাবি করা হয়, একাধিক ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও তাদের গ্রেফতারে বিলম্ব বা দ্রুত জামিনে মুক্তি পাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
এছাড়াও অপহরণ, চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ধরনের ঘটনা ঘটছে এবং প্রশাসন তা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। “জিরো টলারেন্স” নীতির বাস্তব প্রয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
চিঠির দ্বিতীয় অংশে তিনি অভিযোগ করেন, বাস্তব পরিস্থিতির সঙ্গে সরকারের উপস্থাপিত তথ্যের কোনও মিল নেই। তাঁর মতে, রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই শাসক দলের কিছু সমাজবিরোধী উপাদানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে তিনি মুখ্যমন্ত্রীর কাছে দলীয় রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে উঠে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি বিশালগড়ের ঘটনা সহ রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
চিঠিটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*