খোয়াই নদীর তীরে অষ্টমী স্নান— হাজারো পুণ্যার্থীর ঢল, ভোলাগিরি আশ্রমে কুমারী পূজায় ভক্তসমাগম

গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || বাসন্তী পূজার মহাঅষ্টমী তিথিতে খোয়াইয়ের সোনাতলা এলাকায় খোয়াই নদীর তীরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী অষ্টমী স্নান। ভোর থেকেই হাজার হাজার পুণ্যার্থী পবিত্র নদীতে স্নান করে পূণ্য অর্জন করেন। পাশাপাশি অনেকে অস্থি বিসর্জন ও পিণ্ডদান সম্পন্ন করেন।
স্নান উপলক্ষে নদীতীর জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। আশেপাশের এলাকায় বসে রঙিন মেলা— বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন, যা সাধারণ মানুষের মধ্যে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। ধর্মীয় আচার ও লোকজ উৎসব মিলিয়ে দিনটি পরিণত হয় এক বড় সামাজিক মিলনমেলায়।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই অষ্টমী স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এবারও বিপুল জনসমাগমে নদীতীর মুখরিত হয়ে ওঠে।
অন্যদিকে, খোয়াইয়ের ভোলাগিরি আশ্রমে মহাঅষ্টমী তিথিতে যথাযথ বিধি মেনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা ও অন্নপূর্ণা পূজা। সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
হিন্দু শাস্ত্র অনুযায়ী কুমারী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। এবছর আশ্রমে জোড়া কুমারী মায়ের পূজা করা হয়, যা ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ সৃষ্টি করে।
আশ্রমের কর্তৃপক্ষের মতে, এই পূজা জগৎজননী বাসন্তী মায়ের আরাধনার গুরুত্বপূর্ণ অংশ এবং এর মাধ্যমে নারীত্বের দেবত্বকে সম্মান জানানো হয়। ধর্মীয় আচার, আধ্যাত্মিকতা ও লোকজ উৎসবের মেলবন্ধনে খোয়াই জুড়ে বাসন্তী পূজার মহাঅষ্টমী দিনটি পরিণত হয় এক অনন্য আবহে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*