গোপাল সিং, খোয়াই, ২৮ মার্চ || খোয়াই জেলার কুলাই–চাম্পাহাওর কেন্দ্রের অন্তর্গত তুলাশিখর বাজারে আজ এক উল্লেখযোগ্য যোগদান সভা অনুষ্ঠিত হয়, যা আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তিপ্রামথা দল থেকে ৩১৫টি পরিবারের মোট ১২৪৫ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জাতীয় সভাপতি সমীর ওরাং, মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রার্থী বিমল দেববর্মা, মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী বিল্লু জমাতিয়া এবং বিজেপির খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের উপস্থিতিতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো, যা স্থানীয় রাজনৈতিক পরিবেশে নতুন গতি এনেছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই বিশাল যোগদান প্রমাণ করছে যে জনজাতি অধ্যুষিত এলাকায় মানুষের আস্থা ক্রমশ উন্নয়নমুখী রাজনীতির দিকেই ঝুঁকছে।
তিনি আরও বলেন, ৩১৫টি পরিবারের ১২৪৫ জন ভোটারের স্বতঃস্ফূর্তভাবে যোগদান শুধুমাত্র পরিসংখ্যান নয়, এটি মানুষের বিশ্বাস, প্রত্যাশা এবং আগামীর উন্নয়নের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিফলন। ১১ মহারাণী–তেলিয়ামুড়া এবং ১০ কুলাই–চাম্পা ছড়া কেন্দ্রের প্রার্থীদের প্রতি সাধারণ মানুষের উচ্ছ্বাস ও সমর্থন আসন্ন নির্বাচনে ইতিবাচক ফলাফলের ইঙ্গিত বহন করছে।
