গোপাল সিং, খোয়াই, ১৬ এপ্রিল || ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ফলাফল ঘোষণাকে সামনে রেখে খোয়াই শহরে যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে খোয়াই থানার পক্ষ থেকে।
সাংবাদিক সম্মেলনে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, ফলাফল ঘোষণার দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মূল সড়কগুলোতে অপ্রয়োজনীয় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজনে বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। কোনও রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে, টিটিএএডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার আগে খোয়াই জেলা পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডিও পৃথকভাবে সাংবাদিক সম্মেলন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
পুলিশ সুপার জানান, জেলার প্রতিটি স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হবে এবং প্রয়োজনে র্যাপিড রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। তিনি সকল রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে ফলাফল গ্রহণ করার আহ্বান জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেই যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পন্ন হয়—সেই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
