গোপাল সিং, খোয়াই, ১৭ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে শুক্রবার খোয়াইয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। ১২-রামচন্দ্রঘাট আসনের ভোট গণনার গতি অত্যন্ত ধীর হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিধায়ক তথা তিপ্রামথা নেতা রঞ্জিত দেববর্মা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, গণনাকেন্দ্রের বাইরে থাকা মথা সমর্থকরা ব্যারিকেড ভেঙে অফিসের দোরগোড়ায় পৌঁছে যান।
ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই ১২:রামচন্দ্রঘাট আসনের ভোট গণনা প্রক্রিয়া শুরু হলেও তা অত্যন্ত মন্থর গতিতে চলছিল। প্রায় আধ ঘণ্টা ধরে গণনার ফলাফল ঘোষণা বা অ্যানাউন্সমেন্ট বন্ধ থাকায় বিধায়ক রঞ্জিত দেববর্মা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর বিরক্তি প্রকাশ করেন। এই অচলাবস্থা নিয়ে কথা বলতে গেলে ঘটনাস্থলে উপস্থিত খোয়াই জেলার পুলিশ সুপার বেগাতি জগদীশ্বর রেড্ডি (এসপি)-র সঙ্গে তাঁর তীব্র কথা কাটাকাটি শুরু হয়। বিধায়ককে যথেষ্ট উত্তেজিত মেজাজে পুলিশ প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হতে দেখা যায়।
এদিকে, ভেতরে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেতেই গণনাকেন্দ্রের বাইরে জমায়েত হওয়া তিপ্রামথা সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা পুলিশের দেওয়া সুরক্ষা ব্যারিকেড ভেঙে গণনাকেন্দ্রের মূল প্রবেশপথের সামনে চলে আসেন। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
বর্তমানে জেলা পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে ভোট গণনার এই মন্থর গতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে বিধায়ক ও তাঁর সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
