২৬-বীরচন্দ্র-কলসী আসনে তিপ্রা মথার জয়, ৩৭০০ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে কেনারাম রিয়াং

আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ এপ্রিল || এডিসি নির্বাচনে ২৬ নম্বর বীরচন্দ্র-কলসী আসনে উল্লেখযোগ্য ব্যবধানে জয় ছিনিয়ে নিল তিপ্রা মথা দল। দলীয় মনোনীত প্রার্থী কেনারাম রিয়াং ৩৭০০ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।
শুক্রবার সকাল ৮টা থেকে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে শুরু হয় ভোট গণনার কাজ। মোট ৪৫টি পোলিং স্টেশনে সম্পন্ন হওয়া ভোটগ্রহণের ফল গণনা করা হয় ১২টি টেবিলে ইভিএমের মাধ্যমে এবং একটি টেবিলে পোস্টাল ব্যালেটের ভোট গণনা করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, সকল রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের উপস্থিতিতে চার দফায় সম্পন্ন হয় এই গণনা প্রক্রিয়া।
চূড়ান্ত ফলাফলে তিপ্রা মথার প্রার্থী কেনারাম রিয়াং মোট ১৪,৩৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। অন্যদিকে, বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং পান ১১,২৩৭ ভোট এবং দ্বিতীয় স্থানে থাকেন।
ফলাফল ঘোষণার পর ২৬ নম্বর বীরচন্দ্র-কলসী আসনের রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমা বিজয়ী প্রার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেন। তিনি জানান, “কোনো প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয়েছে।”
জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেনারাম রিয়াং বলেন, “হিংসা-বিদ্বেষ পরিহার করে এডিসি এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।” তিনি আরও জানান, পূর্বে শিক্ষকতা পেশায় যুক্ত থাকলেও বর্তমানে মানুষের সেবায় নিজেকে রাজনীতিতে সম্পৃক্ত করেছেন।
ফলাফল ঘোষণার পর তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ফুলের মালা দিয়ে নবনির্বাচিত প্রার্থীকে বরণ করে নেন তারা। তবে বিজেপি প্রার্থী গণনা শেষ হওয়ার পরপরই কাউন্টিং হল ত্যাগ করেন। অন্য দলগুলির প্রার্থীরা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
শান্তি ও সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত প্রতিনিধি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*