বামুটিয়ায় ৭২ জন উপভোক্তার হাতে সেলাই মেশিন, নারীর স্বনির্ভরতায় জোর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল || বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে এবং বামুটিয়া আরডি ব্লকের সহযোগিতায় বামুটিয়া আরডি ব্লকের হল ঘরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মোট ৭২ জন উপভোক্তার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলের হাত ধরে এই বিতরণ কর্মসূচির শুভ সূচনা হয়।
সেলাই মেশিন পেয়ে বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে আনন্দ ও উৎসাহের আবহ লক্ষ্য করা যায়। জানা গেছে, জেলার মোট চারটি ব্লকে পর্যায়ক্রমে এই সেলাই মেশিন বিতরণ করা হবে। তারই প্রথম ধাপ হিসেবে এদিন বামুটিয়া আরডি ব্লক থেকে এই কর্মসূচির সূচনা করা হয়।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হিসেবে জানানো হয়েছে—সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বনির্ভর করে তোলা, তাঁদের আয়ের পথ সুগম করা এবং নারীদের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে দেওয়া।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি বিশ্বজিৎ শীল, প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস, বামুটিয়া আরডি ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লকের কর্মকর্তারা সহ বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ঐতিহ্যবাহী রীতিতে বরণ করে নেন চেয়ারম্যান দীপক কুমার সিংহ। পরে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, “বর্তমান সময়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই জেলা পরিষদের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়েই ধারাবাহিকভাবে বিভিন্ন জনমুখী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও জানান, এর আগেও উপভোক্তাদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। এবার সেলাই মেশিন প্রদান করা হল, যাতে মহিলারা ঘরে বসেই আয়ের পথ তৈরি করতে পারেন এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে সক্ষম হন।
পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরাও এই প্রকল্পের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথিরা একে একে উপভোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন। সেলাই মেশিন পেয়ে উপভোক্তাদের মুখে হাসি ফুটে ওঠে। তাঁরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের এই মানবিক ও উন্নয়নমুখী উদ্যোগকে সাধুবাদ জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*