আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল || ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব এবং শিল্প ও বাণিজ্য অধিদপ্তর, ত্রিপুরা সরকারের উদ্যোগে এক বিশেষ রোডশোর আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল রাজ্যের উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতকে আরও শক্তিশালী করে তোলা।
রোডশোতে অংশগ্রহণকারী উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা, স্টার্টআপ এবং যুবসমাজের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প, আর্থিক সহায়তা এবং উদ্যোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। উপস্থিত আধিকারিকরা জানান, রাজ্যে নতুন ব্যবসা গড়ে তুলতে আগ্রহীদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে।
এদিনের এই উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নতুন প্রজন্মকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর। উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং সরকারি সহায়তা কীভাবে পাওয়া যায়, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
সরকারি সূত্রে জানা গেছে, এ ধরনের রোডশো ভবিষ্যতেও রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হবে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ উদ্যোক্তা হওয়ার সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
