ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মুনাফায় বড় উত্থান—২০২৫-২৬ অর্থবছরে ১৮৪.৮৪ কোটি টাকা লাভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মে || ক্রমাগত আর্থিক উন্নতির ধারা বজায় রেখে ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধি করেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। মাত্র ৪৫০০ টাকার ব্যবসা দিয়ে ১৯৭৬ সালের ২১ ডিসেম্বর যাত্রা শুরু করা এই ব্যাংক সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে মোট ব্যবসা দাঁড় করিয়েছে প্রায় ১৫,৪২২ কোটি টাকায়।
শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং জানান, গত অর্থবছরে ব্যাংকের মোট ব্যবসা ছিল ১৪,০৬৫ কোটি টাকা, যা চলতি অর্থবছরে বেড়ে হয়েছে ১৫,৪২২ কোটি টাকা। একইসঙ্গে আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০,৮৯০ কোটি টাকা এবং মোট ঋণ বা অগ্রিম পৌঁছেছে ৪,৫৩২ কোটি টাকায়।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ব্যাংকের নেট মুনাফায় বড়সড় বৃদ্ধি। ২০২৪-২৫ অর্থবছরে যেখানে মুনাফা ছিল ১০৪.৯০ কোটি টাকা, সেখানে ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে হয়েছে ১৮৪.৮৪ কোটি টাকা।
প্রতিষ্ঠার শুরুতে আগরতলা, বিশ্রামগঞ্জ, বিশালগড় ও জোলাইবাড়িতে মাত্র চারটি শাখা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে ব্যাংকটি ত্রিপুরার আটটি জেলায় ১৫০টি শাখা, ১৩টি অতি ক্ষুদ্র শাখা, ৩টি আঞ্চলিক কার্যালয় এবং ৪৩টি এটিএমের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং পরিষেবা প্রদান করে চলেছে।
এই সাংবাদিক সম্মেলনে চেয়ারম্যান সত্যেন্দ্র সিং ছাড়াও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা এবং চিফ ম্যানেজার শৈলেশ বিশ্বরঞ্জন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*