তিন রাজ্যে বিজেপি’র বিপুল জয়ের ঢেউ আছড়ে পড়ল খোয়াইয়ের রাজপথে, বিজেপি’র বিশাল বিজয় মিছিল

গোপাল সিং, খোয়াই, ০৭ মে || তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের ঢেউ আছড়ে পড়ল খোয়াইয়ের রাজপথে। তীব্র দাবদাহ আর প্রখর রৌদ্রকে উপেক্ষা করেই বৃহস্পতিবার দুপুরে এক বিশাল বিজয় মিছিলে সামিল হলেন বিজেপি কর্মী-সমর্থকরা। দুপুর ঠিক একটা নাগাদ বিজেপি খোয়াই মন্ডল কার্যালয় থেকে এই বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়, যা গোটা শহর পরিক্রমা করে।
এদিনের মিছিলে দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ও পুরুষ কর্মীদের ব্যাপক অংশগ্রহণ মিছিলটিকে এক ভিন্ন মাত্রা প্রদান করে। মিছিলে উপস্থিত নেতৃত্বরা একে অপরের গায়ে আবির মেখে এবং মিষ্টি মুখ করে জয়ের আনন্দ ভাগ করে নেন।
বিজয় মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সম্পাদক অমিত রক্ষিত। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্যরা। দলের এই ঐতিহাসিক সাফল্যে কর্মীদের উদ্দীপনা বাড়িয়ে তুলতে মিছিলে পা মেলান খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, মণ্ডল সম্পাদক অনিমেষ নাগ ও রঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
নেতৃত্বরা জানান, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের এই জয় মোদী সরকারের জনমুখী নীতির ওপর মানুষের আস্থার প্রতিফলন। এই জয়ের ধারা আগামী দিনে ত্রিপুরাতেও দলকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা আশাপ্রকাশ করেন। স্লোগান আর গেরুয়া আবিরে খোয়াই শহর এদিন অকাল হোলির উৎসবে মেতে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*