পরিবেশ রক্ষায় যুবসমাজকে উদ্বুদ্ধ করতে আগরতলায় বৃহৎ সচেতনতামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং যুবসমাজকে পরিবেশ রক্ষায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এক মেগা সচেতনতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব বিকাশ কেন্দ্র (YVK), বিশ্ব যুবক কেন্দ্র, নয়াদিল্লি এবং ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং পরিবেশপ্রেমী নাগরিকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “Inspired by Nature. For Climate. For Our Future.”। এই ভাবনাকে সামনে রেখেই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুবসমাজের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার উপাচার্য অধ্যাপক (ড.) রতন কুমার সাহা, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব ডঃ বিশু কর্মকার, বায়োটেকনোলজি বিভাগের যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত, যুব বিকাশ কেন্দ্রের ভাইস চেয়ারম্যান সন্দীপ দত্ত চৌধুরী, সভাপতি দেবাশিস মজুমদার এবং সংগঠন সম্পাদক পিঙ্কু দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় যুবসমাজের অংশগ্রহণকে সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন বলেও অভিহিত করেন তাঁরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাজ্যের প্রায় ৩৩টি সংগঠন পরিবেশ শিক্ষা ও সংরক্ষণকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। গান, নৃত্য, নাটিকা ও সৃজনশীল পরিবেশনার মাধ্যমে প্রকৃতি রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নন্দিতা ভট্টাচার্য, বনশ্রী দেববর্মা এবং রঞ্জিত সিং রাজপুত।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আয়োজকদের উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার শপথ গ্রহণ করেন। যুব বিকাশ কেন্দ্রও ভবিষ্যতে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুবসমাজকে সম্পৃক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*