খোয়াইয়ে এনডিপিএস মামলায় বড় সাফল্য পুলিশের: মাদক কারবারী দীপঙ্করের ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

গোপাল সিং, খোয়াই, ০৫ জুন || খোয়াই জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানের মধ্যে মাদক পাচারকারীদের বিরুদ্ধে এক বড়সড় সাফল্য পেল আইনি ব্যবস্থা। এনডিপিএস আইনের অধীনে একটি মামলায় অপরাধী সাব্যস্ত হওয়া এক মাদক কারবারীকে কঠোর সাজা শোনাল খোয়াই বিশেষ আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানির পর আজ এই ঐতিহাসিক রায়দান সম্পন্ন হয়। তদন্তকারী অফিসার ছিলেন সাব-ইন্সপেক্টর রঞ্জিত সরকার।
শুক্রবার খোয়াই এনডিপিএস কোর্টের মাননীয় বিশেষ বিচারক এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী, খোয়াই থানার অন্তর্গত লালছড়া এলাকার বাসিন্দা, প্রয়াত ধনু রঞ্জন দাসের পুত্র দীপঙ্কর দাস-কে দোষী সাব্যস্ত করে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এর পাশাপাশি আদালত ধৃত দীপঙ্করকে ৫০,০০০ টাকা আর্থিক জরিমানা করারও নির্দেশ দিয়েছে। এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২১(বি) ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ করার অপরাধে এই দণ্ড দেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, এই ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অপরাধীকে অতিরিক্ত আরও ১ (এক) বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে তদন্ত ও বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে সে যতটুকু সময় ইতিমধ্যে হাজতবাস করেছে, তা এই মূল সাজার মেয়াদ থেকে বাদ দেওয়া বা মকুব করা হবে।
ঘটনার সূত্রপাত হয়েছিল ২০২৩ সালের শেষভাগে। ২০২৩ সালের ১৭ই ডিসেম্বর খোয়াই থানায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয় (কেস নম্বর: Khowai PS Case No. 97/2023, U/S- 21(b)/25/29 of NDPS Act)। মামলার মূল অভিযোগকারী বা কমপ্লেন্যান্ট ছিলেন সাব-ইন্সপেক্টর রাজেন্দ্র রিয়াং। অভিযান চালিয়ে পুলিশ আসামী দীপঙ্কর দাসের হেফাজত থেকে একটি সবুজ রঙের সাবানের কৌটায় ভরা মোট ১২ গ্রাম ওজনের নিষিদ্ধ মাদক হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছিল।
পরবর্তীতে ২০২৪ সালের ৩১শে মার্চ মামলার চার্জশিট (C/S No. 09/2024) জমা দেন তদন্তকারী অফিসার (I/O) সাব-ইন্সপেক্টর রঞ্জিত সরকার। খোয়াই আদালতের বিশেষ বিচারবিভাগীয় কক্ষে ২০২৫ সালের ২৭শে মে থেকে মামলার সাক্ষী গ্রহণ শুরু হয়ে তা ২০২৫ সালের ৪ঠা জুলাই সম্পন্ন হয়।
অবশেষে সমস্ত তথ্যপ্রমাণ ও সাক্ষ্যের চুলচেরা বিশ্লেষণের পর, গত ২রা জুন ২০২৬ ইং তারিখে আদালত দীপঙ্করকে এই মাদক পাচার মামলায় দোষী সাব্যস্ত করে এবং ৫ই জুন তার সাজার মেয়াদ ঘোষণা করা হয়। খোয়াইয়ের সচেতন মহলের মতে, আদালতের এই রায় জেলার মাদক কারবারীদের মনে গভীর ভীতি সৃষ্টি করবে এবং পুলিশের মাদক বিরোধী আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*