আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন || বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার সকালে আগরতলায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের উদ্যোগে সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে সকাল ৬টা ৩০ মিনিটে এই পদযাত্রা শুরু হয়।
এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ছিল— ‘Inspired by Nature. For Climate. For Our Future’ অর্থাৎ “প্রকৃতি আমাদের অনুপ্রাণিত করে, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”। পদযাত্রার মাধ্যমে এই বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আকর্ষণীয় পথনাটিকাও মঞ্চস্থ করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ত্রিপুরা সরকারের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা আনুষ্ঠানিকভাবে পদযাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. কে. শশীকুমার, ড. বিশু কর্মকার সহ পর্ষদ এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
পদযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, এনএসএস (NSS) স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন বার্তাবাহী প্ল্যাকার্ড দেখা যায়।
আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পদযাত্রাটি পুনরায় সুকান্ত একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। আয়োজকদের মতে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ জাগ্রত করা এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা।
অনুষ্ঠান থেকে এই বার্তাই তুলে ধরা হয় যে, প্রকৃতি মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের অস্তিত্ব ও ভবিষ্যৎ সম্পূর্ণভাবে এর উপর নির্ভরশীল। তাই একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে প্রত্যেক নাগরিকের সক্রিয় ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।
