পথচলতি মানুষের পুষ্টির চাহিদা পূরণে রোটারি ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ: ৫ স্ট্রিট ভেন্ডরের হাতে আধুনিক ‘এগ অ্যান্ড চিকেন কার্ট’

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৬ জুন || শহরের পথচলতি মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল রোটারি ক্লাব অফ আগরতলা। শনিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচজন প্রান্তিক স্ট্রিট ভেন্ডরের হাতে আধুনিক ও উন্নতমানের চার চাকার ‘এগ অ্যান্ড চিকেন কার্ট’ তুলে দেওয়া হয়।
রোটারি ক্লাব অফ আগরতলার উদ্যোগে এবং ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটি (NECC) ও ‘এগ ব্যাংক’-এর যৌথ সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য হিসেবে ডিম ও মাংসের গুরুত্ব তুলে ধরা এবং একই সঙ্গে ক্ষুদ্র বিক্রেতাদের আয়ের নতুন সম্ভাবনা সৃষ্টি করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলার সভাপতি রোটারিয়ান কিশলয় ঘোষ, সম্পাদক রোটারিয়ান ড. প্রিয়নাথ দাস এবং এগ ব্যাংকের প্রতিনিধি রোটারিয়ান বাল্মীকি। এছাড়াও রোটার‌্যাক্ট ক্লাব অফ আগরতলার কর্মকর্তা ও সদস্য-সদস্যারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রোটারি ক্লাবের কর্মকর্তারা জানান, আধুনিক এই কার্টগুলোর মাধ্যমে বিক্রেতারা আরও স্বাস্থ্যসম্মত, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি করতে পারবেন। এতে একদিকে যেমন ক্রেতাদের আস্থা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিক্রেতাদের আয়ও বাড়বে বলে আশা করা হচ্ছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও স্বনির্ভরতা বৃদ্ধিমূলক প্রকল্প গ্রহণ করা হবে। এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*