এসএফআই-এর উদ্যোগে খোয়াইতে কৃতী শিক্ষার্থী সম্বর্ধনা, কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

গোপল সিং, খোয়াই, ০৬ জুন || শনিবার স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (SFI)-এর খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ কৃতী শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল। স্থানীয় শিক্ষক ভবনের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (দ্বাদশ স্তর) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। উদ্যোক্তা সংগঠনের বিভাগীয় কমিটির পক্ষ থেকে খোয়াই মহকুমার মোট ৫৯টি বিদ্যালয়ের ৮৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে এই সম্বর্ধনা তুলে দেওয়া হয়। সম্মাননা হিসেবে কৃতীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুষ্পস্তবক, মানপত্র এবং বিশেষ স্মারক উপহার। এই আনন্দঘন মুহূর্তে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএফআই-এর রাজ্য কমিটির অন্যতম সদস্য সৈকত দাশ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতীদের উৎসাহিত করেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি প্রীতম শীল, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ সৌরভ দেব, প্রাক্তন ছাত্রনেতা পলাশ ভৌমিক এবং আয়োজক সংগঠনের বিভাগীয় সম্পাদক সাগর পাল। উপস্থিত অতিথিরা প্রত্যেকেই কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা কৃতী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না থেকে আগামীদিনে দেশ, দশ ও সমাজ গড়ার সামাজিক কাজে তাঁদের অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করতে হবে। একই সাথে, বর্তমান কেন্দ্র সরকারের তীব্র ‘শিক্ষা বিরোধী’ নীতির সমালোচনা করে তার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য ছাত্র সমাজ, শিক্ষক এবং অভিভাবকদের পাশাপাশি সর্বস্তরের শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*