১৯৮০ সালের ৬ই জুন গণহত্যার কালো দিবস পালন, বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সরব আমরা বাঙালী দল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || ১৯৮০ সালের ৬ জুন সংঘটিত গণহত্যার ঘটনাকে স্মরণ করে শনিবার আগরতলার শিবনগরস্থিত আমরা বাঙালী দলের রাজ্য কার্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও গণহত্যায় নিহত হাজার হাজার বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলীয় নেতৃত্ব।
অনুষ্ঠানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল, প্রচার সচিব দুলাল ঘোষ, অশোক দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরাঙ্গ রুদ্র পাল বলেন, ১৯৮০ সালের ৬ জুন নিরীহ বাঙালিদের উপর সংঘটিত হামলা ত্রিপুরার সামাজিক সম্প্রীতির ইতিহাসে এক কালো অধ্যায়। তিনি দাবি করেন, ওই সময়ের ঘটনাবলীর পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্ত আজও হয়নি এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, অতীতের বিভিন্ন সরকার গণহত্যার তদন্তের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। পাশাপাশি উগ্রপন্থী কার্যকলাপের ফলে ক্ষতিগ্রস্ত বহু বাঙালি পরিবার আজও পুনর্বাসন ও ক্ষতিপূরণের অপেক্ষায় রয়েছে বলেও দাবি করেন তিনি।
সভায় বক্তারা আরও বলেন, বিভিন্ন সময়ে উগ্রপন্থী হামলা, অপহরণ, অগ্নিসংযোগ এবং জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় বহু বাঙালি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গন্ডাছড়া, পেকুয়াছড়া-সহ বিভিন্ন এলাকার ঘটনাগুলির উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
অনুষ্ঠান থেকে আমরা বাঙালী দলের পক্ষ থেকে কয়েক দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— ১৯৮০ সালের গণহত্যার দোষীদের গ্রেপ্তার ও বিচার, উগ্রপন্থী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন ও ক্ষতিপূরণ, গন্ডাছড়া-সহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং রাজ্যের বাঙালিদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা।
দলের নেতৃত্বের বক্তব্য, গণহত্যা ও পরবর্তী বিভিন্ন সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ন্যায়বিচার এবং পুনর্বাসনের স্বার্থে রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। এদিন নিহতদের স্মরণে নীরবতা পালন ও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*