আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || জাতীয় পঞ্চায়েত পুরস্কার–২০২৫-এর অধীনে ত্রিপুরার পঞ্চায়েতগুলির উল্লেখযোগ্য সাফল্য এবং অর্জন তুলে ধরতে শনিবার আগরতলার সিভিল সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের মন্ত্রী কিশোর বর্মন।
মন্ত্রী জানান, গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় স্তরে ত্রিপুরার একাধিক পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে। তিনি বলেন, স্বচ্ছতা, সুশাসন, জনসেবার মানোন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং টেকসই গ্রামীণ পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রাজ্যের পঞ্চায়েতগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
কিশোর বর্মন আরও বলেন, এই সাফল্য শুধুমাত্র পঞ্চায়েত প্রতিনিধিদের নয়, বরং সরকারি আধিকারিক, কর্মচারী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে উন্নয়নের ধারা বজায় রাখতে এবং আরও গতিশীল করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরাও পঞ্চায়েতগুলির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন ব্যবস্থাকে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়।
