আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন || পরিবেশ সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার এবং নগর সৌন্দর্যায়নের লক্ষ্যে আগরতলা পুর নিগমের উদ্যোগে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার তিনি অভয়নগর বাজার সংলগ্ন দীর্ঘদিনের পরিত্যক্ত একটি ঐতিহাসিক পুকুরের সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
জানা যায়, শহরের বহু পুরনো পুকুর দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। এসব জলাশয়কে পুনরুজ্জীবিত করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তুলতে আগরতলা পুর নিগম একাধিক প্রকল্প গ্রহণ করেছে। ইতোমধ্যেই কয়েকটি পুকুরের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এবং আরও বেশ কিছু প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
শনিবারের পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হীরালাল দেবনাথ, পুর নিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় পাঁচ থেকে ছয় দশক ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা ঐতিহাসিক পুকুরটির সংস্কার কাজ ঘুরে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মেয়র। তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে ১১ নম্বর ওয়ার্ডে চলমান অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এলাকার পরিকাঠামোগত উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলির বিষয়ে আলোচনা হয়।
মেয়র দীপক মজুমদার বলেন, “শহরের ঐতিহ্যবাহী জলাশয়গুলিকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করার পাশাপাশি একটি পরিবেশবান্ধব নগর গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সংস্কার সম্পন্ন হলে এই পুকুরগুলি শুধু এলাকার সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
দীর্ঘদিনের পরিত্যক্ত ঐতিহাসিক পুকুরটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ ও সন্তোষের সঞ্চার হয়েছে। এলাকাবাসীর আশা, কাজ সম্পূর্ণ হলে পুকুরটি পুনরায় এলাকার একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে এবং জনস্বার্থে কার্যকর ভূমিকা পালন করবে।
